সহজ শর্তে ঋণ পাবে আইটি উদ্যোক্তারা

৫ মে, ২০২১ ১৭:২৪  
সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজে ৪ শতাংশ সুদে আইটি উদ্যোক্তাদের আপদকালীন ঋণ পাওয়ার কথা থাকলেও অনেক সীমাবদ্ধতার কারণে উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। উদ্যোক্তাদের ঋণ পেতে ব্যাংকের ব্যবস্থাপনাকে আরো সহজ করার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আজ বুধবার এসএমই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ভার্চুয়াল সভায় এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমইএফ) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, ই-ক্যাবের অর্থ সম্পাদক মোঃ আব্দুল হক অনু এবং এসএমই ফাউন্ডেশনরে ডিজিএম আব্দুল সালাম। যারা প্রথম বার প্রণোদনা প্যাকেজ থেকে লোন পান নাই তাদের দেয়া হবে এবার। এটি সাধারণ লোন না। করোনার কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের প্রতিষ্ঠানকে এই লোন দেয়া হবে জানিয়েছেন এসএমইএফ ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। লোন পেতে এসএমই ফাউন্ডেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, উদ্যোক্তাদের জামানত দিয়ে ঋণ নেয়ার মতো অবস্থা নাই। আইসিটি সেক্টরে অনেকেই আছেন যারা একজন কাজ করছে তার পক্ষে জামানত দিয়ে ব্যাংকের ঋণ নেয়া সম্ভব না। লোন জামানতবিহীন হতে হবে। এটাকে সহজ করার জন্য ভূমিকা রাখতে হবে এসএমই ফাউন্ডেশনের। উদ্যোক্তাদের ৪ শতাংশ সুদে লোন দেয়ার কথা জানিয়ে প্রাইম ব্যাংকের কর্মকর্তা কায়সার হাসান জানান, আইটি সেক্টরে যারা যুক্ত আছেন বেসিস, বাক্যে, ই-ক্যাব তাদের সাথে গত বছর আমরা বসেছি প্রণোদনার লোন দেয়ার জন্য। আমরা লোন দিয়েছে। ৪ শতাংশ সুদে লোন দেয়ার জন্য আমরা প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি করি। যারা আইটি সেক্টরে কাজ করেন তাদের ৪ শতাংশ সুদে লোন দিতে চায়। ৪০ জন উদ্যোক্তা ৪ শতাংশ সুদের লোন পেয়েছে আশা করি আরো বেশি পাবে। আলোচনায় জানানো হয় আইটি প্রতিষ্ঠানকে এক লক্ষ থেকে সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক সহজ শর্তে ঋণ দেয়া হবে। শর্তগুলো হলো, ৪ শতাংশ সুদে ঋণ, সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড, দুই বছরের মধ্যে লোনটা পরিশোধ করা যাবে এবং মাসিক কিস্তিতে পরিশোধ করা যাবে। অনুষ্ঠানে অন্যান্য ব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।